ইউটিউবে মুক্তি পাচ্ছে সৈকত দাসের কণ্ঠে ‘তুই ফেলে এসেছিস কারে’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানগুলোর মধ্যে অন্যতম ‘তুই ফেলে এসেছিস কারে’। আজও নবীন-প্রবীণ শ্রোতাদের কাছে সমানভাবে আবেদনময় এই গান এবার গাইলেন গুণী সংগীতশিল্পী সৈকত দাস।
কবিগুরুর রচনায় সাজানো কথামালা অনুযায়ী সুমন কল্যাণ সংগীতায়িত করেছেন গানটি। গানটি ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
সৈকত দাস বলেন, “সুমন কল্যাণ একদিন আমাকে বললেন, আধুনিক গান তো অনেক করেছেন। আপনার কণ্ঠে রবীন্দ্রসংগীতের ঘ্রাণ আছে। এরপরই রবি ঠাকুরের গান শুরু করি। গাইতে গিয়ে আমি রবীন্দ্রসংগীতের প্রেমে পড়ে গিয়েছি।”
সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেন, “সৈকত দা সত্তরের দশক থেকে গান করছেন। তার অনেক গান জনপ্রিয় শিল্পীদের প্রেরণা হিসেবে কাজ করেছে। কিন্তু নিজেকে কখনও সামনে আনেননি। এরমধ্যে কিছু রবি ঠাকুরের গানও তিনি করেছেন। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।”
সত্তরের দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গান গাওয়া সৈকত দাস বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিত থাকতেন। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘শিউলিমালা’। এছাড়া চট্টগ্রাম বেতারেও নিয়মিত গান পরিবেশন করতেন।
বর্তমানে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান করেন। ‘তুই ফেলে এসেছিস কারে’ ছাড়াও তার আরও কিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে