তুহিন হত্যা: গণমাধ্যমকর্মীদের ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেব। সেখানে তারা সম্প্রতি নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচারের দাবী করেন এবং দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এই কর্মসূচি আয়োজিত হয় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং জুলাই বিপ্লবী সাংবাদিক জোটের মাধ্যমে। বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও প্রতিনিধিরা এই বিক্ষোভে অংশ নেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী জয়নাল আবেদীন শিশির হত্যাকাণ্ড নিয়ে গভীর শোক প্রকাশ করেন।
তিনি বলেন, 'আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে তুহিনের হত্যার ন্যায়বিচারের দাবিতে সড়কে নেমেছি, অথচ অপরাধীরা এখনও মুক্ত। যদি অন্তবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার পরিবারের সদস্য নিহত হত, তাহলে কি অপরাধীদের ধরতে এত সময় নেয়া হতো? নিশ্চয়ই না।'
শিশির আরও বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকরা সবচেয়ে বেশি হামলা, মামলা এবং হত্যার শিকার হয়েছেন। জুলাই ছাত্র আন্দোলনের পর সাংবাদিকরা সবচেয়ে বেশি প্রাণ উৎসর্গ করেছেন। তবুও আমরা কোনো সুরক্ষা ছাড়াই লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছি।'
মিডিয়া কর্মী আকরাম খান এই বিক্ষোভকে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান সহিংসতার একটি গভীর স্মারক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ' ৫ আগস্টের আগে অনেক সাংবাদিক মামলা ও হত্যার শিকার হয়েছেন। আমরা আশা করেছিলাম বিপ্লবের পর এসব ঘটনা বন্ধ হবে, কিন্তু তা হয়নি।' গাজীপুরে পুলিশের সামনে সংঘটিত হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সমালোচনা করেন আকরাম খান। তিনি বলেন, 'আমরা অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ করছি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে।'
অন্য এক মিডিয়া কর্মী সাইফুল ইসলাম দ্রুত বিচারের তাগিদ দেন। তিনি বলেন, 'আমরা তুহিনের হত্যার ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। অনেকেই হয়তো কয়েক দিনের মধ্যে এই দুঃখজনক ঘটনাটি ভুলে যাবে। কিন্তু সাগর ও রুনি সহ অন্যান্য সাংবাদিক হত্যার বিষয়ে স্পষ্ট কোনো আইনী সিদ্ধান্ত এখনও পাইনি।' তিনি আরও বলেন, 'অধিকাংশ সাংবাদিক হত্যাকাণ্ড এখনো মীমাংসিত হয়নি। আমরা দাবী করছি তুহিনের হত্যার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে