Views Bangladesh Logo

অপ্রতিম হত্যায় তুহিন, আনাস ও ফাহিম আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম। তিনি জানান, অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা যাওয়ার পর তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

ওসি জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় দেখা গেছে। সেখানে দুজনকে প্রায় এক ঘণ্টা অবস্থান করতেও দেখা যায়।

এরপর শনিবার সন্ধ্যা ৭টার দিকে আনাসকে আটক করা হয়। এর প্রায় ৩০ মিনিট পর সাড়ে ৭টার দিকে ফাহিমকেও হেফাজতে নেয় পুলিশ। তাদের কাছ থেকে অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, তুহিন, আনাস ও ফাহিমকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন এলাকায় তার সন্ধানে তল্লাশি চালান।

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ