Views Bangladesh Logo

দুপুরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। এছাড়া মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের কয়েকটি ক্যাম্প সরেজমিন পরিদর্শন করবেন।

কূটনৈতিক সংশ্লিষ্টদের মতে, সার্জিও গরের সফরে বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক গুরুত্ব পেতে পারে।

তাদের ধারণা, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বাড়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ঢাকার বর্তমান সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে। একই সঙ্গে প্রয়োজন হলে ভারত সরকারের উদ্দেশ্যে কোনো বার্তা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে পারেন সার্জিও গর—এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। এ ছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা, রাশিয়া ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং এসব বিষয়ে ঢাকার অবস্থান নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ