রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর
রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে গিয়ে তিনি ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তার পরিস্থিতি এবং সংকটের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেবেন তিনি।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ হচ্ছে। আলোচনায় রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
সফরের শেষ দিনে শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সার্জিও গরের। এরপর তাঁর তিন দিনের বাংলাদেশ সফর শেষ হবে।
মতামত দিন