ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ইলন মাস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্বে আনা হয়েছে ধনকুবের ইলন মাস্ককে।
ট্রাম্পবলেছেন, আমলাতন্ত্র ভাঙতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে মাস্ককে এই পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামীকেও একই পদে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক ও মার্কিন উদ্যোক্তা এবং রিপাবলিকান পার্টির নেতা বিবেক রামাস্বামী যৌথভাবে সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্ব দেবেন।
ট্রাম্প বলেছেন, এই দুই বিস্ময়কর আমেরিকান একসঙ্গে আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলার, অতিরিক্ত বিধি-বিধান কমাতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের করার পথ প্রশস্ত করার জন্য কাজ করবেন। এই বিষয়টি ‘আমেরিকা বাঁচাও’—আন্দোলনের জন্য অপরিহার্য।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। পরে বিজয়ী ভাষণ দেওয়ার সময় সমর্থন দেওয়ার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প এ সময় ইলনকে একজন ‘বিশেষ লোক’ এবং ‘সুপার জিনিয়াস’ বলে অভিহিত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে