যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি রাশিয়া-ইউক্রেন, জানালেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনা শুরুতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সাথে ‘স্থায়ী ও নির্ভরযোগ্য শান্তির’ বিষয়ে কথা বলেছেন।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের পোস্টে ট্রাম্প জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) পুতিনের সাথে তার ‘দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে তার। তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ‘নিজ নিজ দলগুলোকে অবিলম্বে আলোচনা শুরুতে সম্মত হয়েছেন’ এবং একে অন্যকে নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন।
ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। পরে তিনি জানান, ‘স্থায়ী ও নির্ভরযোগ্য শান্তি’র লক্ষ্যে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখে ইউক্রেন সম্পর্কিত প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন চলাকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও’র সাথে বৈঠক করবেন তিনি।
যুদ্ধরত দুটি দেশের কাছ থেকে এমন এক সময় এই আহ্বান এলো, যখন ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব দুজনই বলেছেন, ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনা কম। যেটি কিয়েভের জন্য তিক্ত হতাশার কারণ হয়ে দাঁড়াতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আরও লিখেছেন, ‘এখনই এই নৃশংস যুদ্ধ বন্ধের সময় এসেছে, যেখানে ব্যাপক এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয় ‘মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ’ হয়েছে। বিধাতা রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মঙ্গল করুন!’
পুতিনের সাথে মুখোমুখি বৈঠকের কোনো দিন নির্ধারণ করেননি ট্রাম্প। তবে পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমরা সৌদি আরবে দেখা করব’।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনও ট্রাম্পের এই ধারণাকে সমর্থন করেছেন, একসাথে কাজ করার সময় এসেছে।
পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপ প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়েছিল, এই সময় রাশিয়ার প্রেসিডেন্ট মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, বলেছেন পেসকভ।
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের আরও বলেন, ইউক্রেন ২০১৪ সালের আগের সীমান্তে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তবে বিবিসির প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেই ভূমির কিছু অংশ ফিরে আসবে’।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সাথে একমত, যিনি বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনে বলেছিলেন, সামরিক জোটে ইউক্রেনের যোগদানের কোনো সম্ভাবনা নেই।
‘আমি মনে করি এটি সম্ভবত সত্য’- বলেন ট্রাম্প।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে