নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের কলেজগুলোর বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দিবে ট্রাম্প
পুনরায় নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের কলেজগুলোর বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেওয়ার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার সিলিকন ভ্যালির প্রযুক্তি বিনিয়োগকারীদের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এসময় তিনি যুক্তরাষ্ট্রে প্রতিভাবানদের অবস্থান করাকে সহজ করার প্রতিশ্রুতিও দেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কলেজগুলো থেকে গ্র্যাজুয়েট করা যে কেউ সে দেশেই থাকতে পারবে।
ট্রাম্প বলেন, 'এটা খুবই দুঃখজনক যখন আমরা হার্ভার্ড, এমআইটি'র মতো প্রতিষ্ঠানে লেখাপড়া করা শিক্ষার্থীদের ধরে রাখতে পারি না।'
তিনি বলেন, 'আমি মনে করি ডিপ্লোমার অংশ হিসেবে স্বয়ংক্রিংভাবেই তাদের গ্রিন কার্ড পাওয়া উচিত, যাতে তারা এ দেশেই থাকতে পারেন।'
এই ঘোষণার মধ্যদিয়ে অভিবাসন বিষয়ে আগের কঠোর অবস্থান থেকে একেবারে ভিন্ন মোড় নিয়েছেন ট্রাম্প।
এর আগে অভিবাসীরা 'আমাদের দেশের রক্তকে বিষিয়ে তুলছে'- বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
এমনকি আগামী নভেম্বরে পুনর্নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে অনিবন্ধিত অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতারণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তার ক্ষমতাকালে তিনি দেশটিতে বৈধ অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করেছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে