Views Bangladesh Logo

মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলছেন, এই শুল্ক আরোপ করা হবে অবৈধ মাদক চোরাচালান ও অভিবাসনের প্রতিক্রিয়ার অংশ হিসেবে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্য অংশীদার দেশগুলো থেকে আসা সব ধরনের পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন।

তিনি লেখেন, আমার প্রথম নির্বাহী আদেশগুলোর মধ্যে একটি হিসেবে ২০ জানুয়ারি মেক্সিকো ও কানাডা থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সব নথিতে স্বাক্ষর করব।

তিনি দাবি করেন, এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক উন্মুক্ত সীমান্ত’ নিয়ন্ত্রণের জন্য।

আরেকটি পোস্টে তিনি জানান, চীন থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। চীন ফেন্টানিল চোরাচালান বন্ধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডায় শুল্ক আরোপ একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনি প্রচারণার সময় থেকেই তিনি এই ধরনের শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।

ট্রাম্পের প্রথম মেয়াদেও চীন, মেক্সিকো ও কানাডার ওপর একই ধরনের কঠোর বাণিজ্যনীতি প্রয়োগ করা হয়েছিল। চীন সেই সময় পাল্টা শুল্ক আরোপ করেছিল, যা বিশেষ করে যুক্তরাষ্ট্রের কৃষকদের ওপর প্রভাব ফেলেছিল।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা তিন দশক পুরোনো মুক্ত বাণিজ্য চুক্তিতে আবদ্ধ। যেটি ট্রাম্পের সময় পুনর্বিবেচিত হয়ে এখন ‘ইউএসএমসিএ’ নামে পরিচিত। ট্রাম্প অভিযোগ করেছিলেন, এই চুক্তির কারণে বিশেষ করে মার্কিন গাড়ি নির্মাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ