Views Bangladesh Logo

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর 'সহিংসতার' নিন্দা জানালেন ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর 'সহিংসতার' নিন্দা জানিয়েছেন আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ' বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্য সংখ্যালঘুদের ওপর বর্বর সহিংসতার এবং চলমান আক্রমণ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানাই।'

বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি আরও লেখেন, 'আমার তদারকি থাকলে এমন কখনোই হতো না।'

'কমলা এবং জো সারা বিশ্বে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছে। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং তা থেকে আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত একটি বিপর্যয় নিয়ে এসেছে, কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব!'

তিনি আরও লেখেন, 'আমরা হিন্দু আমেরিকানদেরও উগ্র বামপন্থিদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করব। আমরা আপনার স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে, ভারত এবং আমার ভালো বন্ধু সেদেশের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের মহান অংশীদারত্বকে আরও শক্তিশালী করব।'

কমলা হ্যারিস আরও প্রবিধান এবং উচ্চ কর আরোপ করে হিন্দু জনগোষ্ঠীর ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করবে দাবি করে তিনি লেখেন, 'এর বিপরীতে, আমি কর কমিয়েছি, প্রবিধান কমিয়েছি ও আমেরিকাতে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটি আবার করব, আগের চেয়ে আরও ব্যাপক পরিসরে এবং ভালো করে আমরা কাজ করব। আমরা আমেরিকাকে আবার মহান করে তুলব।'

তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'আমি আশা করি এই আলোর উৎসব মন্দের ওপর ভালোর বিজয়ের দিকে নিয়ে যাবে!'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ