শুল্ক বৃদ্ধির বিষয়ে কানাডা-মেক্সিকোর সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

কানাডা এবং মেক্সিকোতে শাস্তিমূলক বাড়তি শুল্ক আরোপের বিষয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাতে) এ আলোচনা হতে যাচ্ছে।
ফ্লোরিডা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওয়াশিংটনে ফেরার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলব। মেক্সিকোর সঙ্গেও কথা বলছি।’
‘আমি খুব নাটকীয় কিছু আশা করি না’- যোগ করেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছেন তিনি।
ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেন তিনি। ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একাধিক বার্তায় তিনি যুক্তি দেন, আমেরিকানরা ২৫ শতাংশ শুল্ক থেকে অর্থনৈতিক ‘বেদনা’ অনুভব করতে পারে। তবে মার্কিন স্বার্থ সুরক্ষিত করতে এটি দেশের জন্য ‘মূল্যবান’ হবে।
‘তবে আমরা আমেরিকাকে আবার মহান করে তুলব এবং এটির মূল্য দিতে হবে, যা দিতে হবে’- বলেন তিনি।
এ আদেশ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে কার্যকর হবে।
জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম ঘোষণা দিয়েছেন, শুল্ক আরোপসহ নিজস্ব অন্য পদক্ষেপের মাধ্যমে এ পাল্টা ব্যবস্থা নেয়া হবে। চীনও বলেছে, তারা পাল্টা ব্যবস্থা নেবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীন, মেক্সিকো এবং কানাডা হল শীর্ষ তিন মার্কিন বাণিজ্য অংশীদার। মঙ্গলবার থেকে শুল্ক কার্যকর হলে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে