Views Bangladesh Logo

সীমান্ত ইস্যুতে শুল্ক হুমকির মধ্যেই ট্রাম্পের সঙ্গে দেখা করলেন ট্রুডো

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি, যতক্ষণ না দুই দেশ মাদক বিশেষত ফেন্টানাইল চোরাচালান রোধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সীমানা অতিক্রমকারী অবৈধ অভিবাসীদের ওপর চাপ না দেয়।

এর কয়েকদিন পরে শুক্রবার (২৯ নভেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে বৈঠকটি হয়।

মার্কিন শুল্কের এ হুমকি এমন সময়ে এসেছে, যখন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের পাশাপাশি কানাডার অর্থনীতি এমনিতেই মন্থর হয়ে পড়েছে। ট্রাম্পের এ হুমকি তাই দেশটিতে উদ্বেগ সৃষ্টি করেছে।

কানাডার অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে জড়িত। দেশটির রপ্তানির তিন-চতুর্থাংশেরও বেশি, ৪২৩ বিলিয়ন ডলারের পণ্য গত বছর যুক্তরাষ্ট্রে গিয়েছিল। প্রায় দুই মিলিয়ন কানাডিয়ান দেশটিতে চাকরি-বাণিজ্যের ওপর নির্ভরশীল।

অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন মোটা শুল্ক আরোপ করলে জড়িত সব দেশের অর্থনীতিরই ক্ষতি হবে।

অর্থনৈতিক মন্দাভাব ইতোমধ্যেই ট্রুডোর জনপ্রিয়তাকে আঘাত করেছে। আগামী অক্টোবরের শেষের দিকে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

সর্বশেষ জরিপ বলছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল বিরোধী কনজারভেটিভ পার্টি থেকে পিছিয়ে রয়েছে।

চলতি সপ্তাহে ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা করতে কানাডার ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডেকেছেন তিনি।

কেউ কেউ ট্রাম্পের শুল্ক হুমকিকে কেবলমাত্র দর কষাকষির কৌশল বলে অভিহিত করলেও এ মতামতকে প্রত্যাখ্যান করেছেন ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘এটি বোঝা গুরুত্বপূর্ণ যে, ডোনাল্ড ট্রাম্প যখন এই ধরনের বিবৃতি দেন, তখন তিনি সেগুলো বাস্তবায়নের পরিকল্পনা করেন। এটি নিয়ে কোনো প্রশ্ন নেই’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ