তিন জেলায় ট্রাক-বাসে আগুন
সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা তিনটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে রাত সোয়া ১টার মধ্যে এ অগ্নিসংযোগ ও অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।
সিরাজগঞ্জ:
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পার্ক করে রাখা ওই ট্রাকে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার আসল কারণ ও কীভাবে আগুন লেগেছে তা জানতে মহাসড়কের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, রাত ১২টার দিকে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তার আগেই বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘নিউ ক্লাসিক্যাল’ নামে রাজবাড়ী মালিক সমিতির একটি লোকাল বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। শনিবার রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৯১২৪) দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।
গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া টার্মিনালে দাঁড়িয়ে থাকা লোকাল বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বাসটিতে কোনো যাত্রী বা সহকারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে বাসে আগুন লেগেছে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন