Views Bangladesh Logo

চট্টগ্রামে কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর করলেন ট্রাকচালক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালে এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে মারধর করে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ডাম্প ট্রাকচালক আকবরকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে ওই এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে তিনি অতর্কিতভাবে ট্রাফিক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে মফিজ উদ্দিন মুখমণ্ডলে আঘাত পেয়ে রক্তাক্ত হন।

ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের অন্যান্য সদস্যরা হামলাকারী ট্রাকচালককে আটক করেন। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, তিনি নিয়মিত দায়িত্ব পালন করছিলেন এবং কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রাকটি থামান। এ সময় চালক হঠাৎ তার ওপর হামলা চালান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ