তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা উপহার হিসেবে ৬২০টি কিউ জাতের আনারস পাঠিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০ কার্টনে এসব আনারস বাংলাদেশে পৌঁছায়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, একটি পিকআপ ভ্যানে করে আনারসগুলো আনা হয়। পরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা সেগুলো গ্রহণ করে ঢাকায় হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা রাজিব ঘোষ এবং বিএসএফের কর্মকর্তারা।
ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরাকে আম উপহার দেওয়া হয়েছিল। তারই প্রতিদানে রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার করার অংশ হিসেবেই এ উপহার বিনিময় করা হয়েছে।
মতামত দিন