বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দিতে মোদিকে আহ্বান তৃণমূল কংগ্রেসের
প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজ্যসভার মধ্যাহ্নভোজ-পরবর্তী অধিবেশনে দাবিটি উত্থাপন করেন তৃণমূলের সংসদীয় দলের নেতা ডেরেক ও'ব্রায়েন।
তিনি বলেন, তিনি চান প্রধানমন্ত্রী এসে বাংলাদেশ ইস্যুতে বক্তব্য দেবেন।
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখার অবশ্য এটি পয়েন্ট অব অর্ডার নয় মন্তব্য করে ও'ব্রায়েনকে বক্তব্য চালিয়ে যেতে দেননি।
দাবি প্রত্যাখ্যানের পর স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের সংসদ সদস্যরা।
রাজ্যসভার বাইরে তৃণমূলের উপনেতা সাংবাদিকদের সাগরিকা ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর উচিত সংসদে এ বিষয়ে বিবৃতি দেয়া।
‘সংসদ অধিবেশন চলছে। এটি বাংলাদেশের পরিস্থিতির উপর অত্যন্ত সংবেদনশীল বিষয়, প্রধানমন্ত্রীকে অবশ্যই সংসদে আসতে হবে এবং বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ বিবৃতি দিতে হবে’- বলেন সাগরিকা।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সংসদে আসা উচিত এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভারত সরকার কী করতে চায়, সে সম্পর্কে পূর্ণ বিবৃতি এবং সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া উচিত’।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শুরুতে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের টার্গেট করা নিয়ে ভারতে বারবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সূত্র জানায়, পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বলেছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে