Views Bangladesh Logo

শাপলা চত্বরের ঘটনার তদন্তে ৭১ টিভির ফুটেজ ও নথি চাইল ট্রাইব্যুনাল

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্তের অংশ হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির কাছে ভিডিও ফুটেজ, সম্প্রচার লাইসেন্সের অনুলিপি ও সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (১০ জুন) তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মোহাম্মদ শহিদুল্যাহ্ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি গত ৮ জুন ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, তদন্তকারী কর্মকর্তা মো. ইফতেখারুল আলম হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচিকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনার তদন্ত পরিচালনা করছেন। মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারার আওতায় এই তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তদন্তের স্বার্থে সরকার কর্তৃক ৭১ টিভিকে দেওয়া সম্প্রচার লাইসেন্সের অনুলিপি, ঘটনাসংক্রান্ত প্রচারিত ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় গুরুত্বের এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে তদন্ত সংস্থা।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্ত ও দায় নিরূপণের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ-সংক্রান্ত অভিযোগের তদন্ত নতুন গতি পেয়েছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ, আলোকচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ অব্যাহত রেখেছে তদন্ত সংস্থা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ