রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ১ জুন থেকে শুরু : আইনমন্ত্রী
শিশু রমিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী ১ জুন শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মেধা ও মনন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “রমিসার বাবার হতাশার জবাব রায়ের মাধ্যমেই দেওয়া হবে। আমরা বিচার নিশ্চিত করব। মৃত্যুদণ্ডযোগ্য মামলাগুলোর বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, ঢাকার মিরপুরে রমিসা হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস। এ ঘটনায় সাংবাদিকরা যখন রমিসার বাবার হতাশার বিষয়ে জানতে চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন—এই হতাশার জবাব কেবল মামলার ন্যায়বিচারের মাধ্যমেই দেওয়া সম্ভব।
মন্ত্রী আরও বলেন, তিনি এক সপ্তাহের মধ্যে অভিযোগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং নির্ধারিত সময়ের আগেই তা জমা দেওয়া হয়েছে। আগামী ১ জুন আদালত খোলার দিন থেকেই মামলার বিচারকাজ শুরু হবে।
তিনি জানান, আশিয়াসহ মৃত্যুদণ্ডযোগ্য সব মামলার বিচারও খুব দ্রুত সম্পন্ন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে