Views Bangladesh Logo

ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন

 VB  Desk

ভিবি ডেস্ক

জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। এখন থেকে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী অ্যাপের মাধ্যমে তথ্য যাচাই করে তেল নিতে হবে চালকদের।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে সেবাটি চালু হয়েছে— তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশন। আপাতত শুধু মোটরসাইকেল চালকেরাই এই সুবিধা পাবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে তেল বিতরণের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট ও ভোগান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। নতুন ব্যবস্থায় প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি রিয়েল-টাইম নজরদারির সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনসহ সারা দেশে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

যেভাবে নিবন্ধন করবেন
ডিজিটাল ফুয়েল পাস পেতে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রথমে যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে। এর সঙ্গে প্রয়োজন হবে চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং যানবাহনের উৎপাদনের বছর। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘যানবাহন যাচাই করুন’ অপশনে ক্লিক করতে হবে। তথ্য মিলে গেলে মোবাইল নম্বরে আসা ওটিপি যাচাই করে পাসওয়ার্ড সেট করলেই নিবন্ধন সম্পন্ন হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ