Views Bangladesh Logo

উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২২ ঘণ্টা পর মিলল ৫ জেলের মরদেহ

বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর গভীর সাগর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা।

উদ্ধার হওয়া পাঁচ জেলে হলেন- নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে মরদেহগুলো উদ্ধারের পর একটি ট্রলারে করে উপকূলের দিকে আনা হচ্ছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রচণ্ড ঝড় ও উত্তাল ঢেউয়ের মধ্যে ‘এফবি বরকত’ দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় ট্রলারটিতে মোট ১৩ জন জেলে ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার পর আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকেন। পরে কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় চলছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তীব্র ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে আটজন কোনোভাবে পানিতে ভেসে থেকে পাশের একটি ট্রলারে উঠতে সক্ষম হন।

নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। তাদের পক্ষ থেকে একটি মাছ ধরার ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর শেষ পর্যন্ত নিখোঁজ পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।

পাথরঘানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম জানিয়েছেন, পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর তিনি পেয়েছেন। তবে মরদেহগুলো এখনো তাঁর কাছে পৌঁছায়নি। সেগুলো উপকূলে আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ