বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে
বরগুনার পাথরঘাটা থেকে ১৩ জেলেকে নিয়ে মাছ ধরতে যাওয়ার পর বঙ্গোপসাগরে এফবি বরকত নামে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আট জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।
সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে অন্য একটি ট্রলার ভাসমান অবস্থায় আট জেলেকে উদ্ধার করে।
নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিম। তারা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি বরকত ট্রলারটি ১৩ জেলেকে নিয়ে শুক্রবার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলার আট জেলেকে উদ্ধার করে।
নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।
পাথরঘাটার পাঁচ জেলে নিখোঁজ হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন