কুতুবদিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ার গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকায় ভেসে আসা চারটি মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং আলী আকবর ডেইলের হায়দারপাড়ার কামাল (৪৮)। এখনও নিখোঁজ রয়েছেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১)। তাকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়ার অদূরে গভীর সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাতজন জেলে সাঁতরে এবং অন্য একটি মাছ ধরার নৌকার সহায়তায় নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন। তবে পাঁচজন জেলে নিখোঁজ হন। পরে বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করেন স্থানীয় জেলেরা। সন্ধ্যায় চারজনের মরদেহ তীরে ভেসে আসে।
স্থানীয় মৎস্যজীবী নোমান উদ্দিন জানান, নিখোঁজ নাছির উদ্দীনের সন্ধানে এখনও অভিযান চলছে।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হওয়ার পর ট্রলারের মালিকের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ অপর জেলেকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে তল্লাশি অব্যাহত রয়েছে।
মতামত দিন