ট্রাভিস হেড: বড় মঞ্চের বড় খেলোয়াড়
স্বাগতিক ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টজুড়ে দাপটের সঙ্গে খেলেছে রোহিত শর্মার দল, জিতেছে টানা ১০টি ম্যাচ। আসরে নিজেদের প্রথম ম্যাচে কুপোকাত করেছিল অজিদেরকেও। সেই অজিরাই ফাইনালে এসে ধারণ করে ভয়ংকর রূপ। এর সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নামে অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে বল হাতে আগুন ঝরানো মোহাম্মদ শামি ও বুমরাহরা ফাইনালে শুরুটা দারুণ করেছিলেন। দলীয় ৪৭ রানেই তারা সাজঘরে পাঠান ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও স্টিভ স্মিথের মতো বিপজ্জনক ব্যাটারদের। তখন ভারতীয় বোলিং তোপে রীতিমতো কাঁপছিল অজিরা। সে সময়ই ফের দলের ত্রাতা রূপে আবির্ভূত হন ট্রাভিস হেড।
হেড চতুর্থ উইকেটে মার্নাস লাবুশানকে নিয়ে গড়েন ১৯২ রানের জুটি, যেখানে সিংহভাগ রানই এসেছে হেডের ব্যাট থেকে। ১২০ বলে চার ছক্কা ও ১৫ চারের সাহায্যে ১৩৭ রান করে হেড যখন আউট হন, তখন জয় থেকে মাত্র দু' রান দূরে অস্ট্রেলিয়া। এমন অসমান্য ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও উঠেছে হেডের হাতেই। এই বিশ্বকাপের সেমিফাইনালে দুই উইকেট শিকারের পাশাপাশি ৪৮ বলে ৬২ রান করে ম্যাচসেরা হয়েছিলেন এই হেড-ই। বিশ্বকাপ অভিষেকেও নিজের জাত চিনিয়েছিলেন হেড। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৭ বলে ১০৯ রান করে জিতেছিলেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ এর পুরস্কার।
বড় আসরে জ্বলে ওঠার আরও নজির রয়েছে হেডের। ২০২১ সালে দেশের মাঠে অ্যাশেজ অভিষেকেই তিনি খেলেছিলেন ১৪৮ বলে ১৫২ রানের অনবদ্য ইনিংস, হয়েছিলেন ম্যাচসেরাও। সেবার ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। চার ম্যাচে ৩৫৭ রান করে হেড নির্বাচিত হয়েছিলেন ‘সিরিজসেরা’।
রোববার ঘরের মাঠে ভারতকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপাবঞ্চিত করার আগে চলতি বছরের জুনেও রোহিত-বিরাটদের কাঁদিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অজিরা জিতেছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। সেই ম্যাচেও জয়ের নায়কের নাম ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ১৭৪ বলে ১৬৩ ও দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ১৮ রান করে হেড জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার।
ইনজুরির কারণে বিশ্বকাপের শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি হেড। সে সময়টায় ডেডিভ ওয়ার্নারের সঙ্গে ওপেন করেছিলেন মিচেল মার্শ। পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ওয়ার্নার-মার্শ তুলে নেন ২৫৯ রান। এর পরদিনই গণমাধ্যমকে অস্ট্রেলিয়ান প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, হেড ফিরলে সে-ই ওপেন করবেন ওয়ার্নারের সঙ্গে। এতেই বুঝা যায়, হেডের প্রতি অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্টের আস্থা ও ভরসা কতটুকু। সেই আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিলেন হেড।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে