দুই বছর পর আখাউড়া দিয়ে ভ্রমণ ভিসায় ভারতযাত্রা শুরু
প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার আবার শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুই বছর পর প্রথম একজন বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যান।
জানা গেছে, বন্দর দিয়ে বর্তমানে ভ্রমণ ভিসা নিয়ে ভারতীয়রাই বেশি সংখ্যায় আসছেন, অন্যদিকে বাংলাদেশিরা মূলত চিকিৎসা ভিসা নিয়ে ভারতে যাচ্ছেন।
একাধিক সূত্র জানায়, গত কয়েকদিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে এবং ভারত ফের ভ্রমণ ভিসা দেওয়া শুরু করায় বাংলাদেশি যাত্রী পারাপার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রগুলো জানায়, দুই বছর পর দেওয়া ভ্রমণ ভিসায় প্রথম ভারতে যাওয়া যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার বাসিন্দা। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি ভিসা পান।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই মো. আব্দুর রহিম জানান, বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি যাত্রী ভ্রমণ ভিসায় ভারতে গেছেন। ৮ জুলাই থেকে ভিসা দেওয়া শুরু হওয়ায় আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভারত ভিসা কার্যক্রম বন্ধ রেখেছিল। প্রায় দুই বছর পর দেশটি ভ্রমণ ভিসা কার্যক্রম চালু করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে গত ২৮ জুন একযোগে ভিসার আবেদন গ্রহণ শুরু হয় এবং ৮ জুলাই থেকে যাত্রীরা ভিসা পেতে শুরু করেছেন।
মতামত দিন