দেবতাখুম ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকির কারণে কয়েক দিন বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম আজ (২১ জুলাই) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্তসাপেক্ষে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এর আগে নিরাপত্তার স্বার্থে গত ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কচ্ছপতলী বাজারের পর কোনো মোটরসাইকেল, চাঁদের গাড়ি বা ব্যক্তিগত যানবাহন যেতে পারবে না। সব যানবাহন কচ্ছপতলী বাজারে রেখে সেখান থেকে প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে দেবতাখুমে যেতে হবে। তবে নৌপথে যাতায়াত করা যাবে, সেক্ষেত্রে প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি জানিয়েছেন, আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে প্রয়োজন অনুযায়ী পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ আবারও সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হতে পারে।
মতামত দিন