Views Bangladesh Logo

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

নিয়ম ও দুর্নীতির অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে মোস্তফা কামালের বিদেশ যাত্রা নিষেধে আবেদন করেন। আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সি এস আর) তহবিলের অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে অনুসন্ধান চলছে।

এই অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি সজীব ওয়াজেদ জয়সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কয়েকজন সদস্যের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগও রয়েছে।

এই অভিযোগ অনুসন্ধানের জন্য সাত সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে দুদক। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মোস্তফা কামাল ও তার পরিবার দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন।

দুদক মনে করে, মোস্তফা কামাল দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ