ডিজিএফআইয়ের সাবেক ডিজিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং এনএসআইয়ের সাবেক ডিজি টি. এম. জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
শেখ মামুন খালেদের বিরুদ্ধে শেয়ার ব্যবসায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলছে। তদন্তে তার ও পরিবারের সদস্যদের দেশত্যাগের সম্ভাবনার কারণে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
অন্যদিকে, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক ও খন্দকার আবুল কাইয়ুমের বিরুদ্ধেও অর্থপাচার ও জোবায়েরের অবৈধ সম্পদ ব্যবস্থাপনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদক আদালতে আবেদন করে।
দুদক জানায়, মামলার সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে