আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এদিন সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দায়িত্ব পালনকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেন। এসব অর্থ অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে।
বর্তমানে তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্ত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, তিনি যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ যাওয়া বন্ধ রাখা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত বছরের ২৪ মে একই আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।
এছাড়া চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে গত ২০ জানুয়ারি আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে