পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে ঘোষণা করা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) সরকার ও পরিবহন মালিকদের আলোচনায়ি এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিকদের দাবিগুলো নিয়ে আলোচনা হয় এবং সরকার দ্রুত সমাধানের জন্য প্রক্রিয়া গ্রহণের আশ্বাস দেয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
বৈঠকের সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রনালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সিনিয়র সচিব এহছানুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এবং বাস ও ট্রাক পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে। তারা দাবিগুলো মেনে না নিলে ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিল।
দাবিগুলোর মধ্যে রয়েছে— সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারাসহ সুপারিশ করা ধারাগুলো সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ২০ ও ২৫ বছরের পুরোনো গাড়ির বিরুদ্ধে বিআরটিএর অভিযান স্থগিত রাখা, বাজেটে আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর (প্রিজাম্পটিভ ইনকাম ট্যাক্স) কমিয়ে আগের মতো বহাল রাখা, রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে ১২ বছর করা, দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান, মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন, মহাসড়কে তিন চাকার যানবাহন ও বিআরটিএ অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেন ব্যবস্থা, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম ১১ আগস্টের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে