Views Bangladesh Logo

নির্জন স্থানে গাড়ি না রাখার নির্দেশ পরিবহন মালিক সমিতির

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা বাড়াতে রাস্তার পাশে এবং অনিরাপদ বা নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। শনিবার সংগঠনটির পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের এ বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়।

সমিতির মহাসচিব মো. সাইফুল আলমের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিনের চলাচল শেষে কোনো যানবাহন রাস্তার পাশে বা অরক্ষিত স্থানে রাখা যাবে না। বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারার মধ্যে রাখতে হবে।

পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে যানবাহনে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি ও ভাঙচুরের ঝুঁকি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব পর্যায়ের মালিক ও শ্রমিককে বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন এবং নিজ নিজ যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, শুধু মালিক নয়, চালক ও পরিবহন শ্রমিকদেরও গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দিনের কার্যক্রম শেষে নিরাপদ স্থানে যানবাহন সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে রাজধানীর নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার এক বার্তায় সংস্থাটি জানায়, ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ