রূপপুরের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য নির্ধারিত ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। এর ফলে রূপপুর প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য পূরণ হলো।
সোমবার (২ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে প্রায় ১৫৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সঞ্চালন লাইন চালু করা হয়। এ লাইনে রয়েছে ৪১৪টি সঞ্চালন টাওয়ার।
পূর্বে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ নিশ্চিত করতে আরও দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন তৈরি করা হয়েছিল। ২০২২ সালের ৩০ জুন চালু হয় ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল চালু হয় ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি লাইন’
এই তিনটি সঞ্চালন লাইনের প্রতিটিরই ক্ষমতা ২,০০০ মেগাওয়াট করে। এর ফলে পারমাণবিক কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বড় পরিসরে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো প্রস্তুত হলো।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানান, ২৯ মে সব প্রস্তুতি শেষ হয় এবং ২ জুন সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। এটি রূপপুর প্রকল্প বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও তিনি উল্লেখ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে