Views Bangladesh Logo

গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেলেন ১২০০ ট্রেনযাত্রী

ঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় ১০ ফুট রেললাইন বেঁকে গেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ১২০০ ট্রেনযাত্রী। এরপর বন্ধ হয়ে গেছে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি রেললাইন।

রোববার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে টঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুরের দিকে যাওয়ার পথে লাইনের মধ্যে লাল পতাকা দেখে দ্রুত থেমে যায়। কিছুক্ষণ পরে স্থানীয়রা বেঁকে যাওয়া রেললাইনটি দেখে রেলওয়ের কর্মকর্তাদের খবর দেয়। দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে এসে লাল পতাকার নিশান উড়িয়ে দেন।

বনলতা এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টা ১০ মিনিটে টঙ্গী স্টেশন ছেড়ে ঘটনাস্থলের ১০০ গজ দূরে ২টা ৩০ মিনিটে থেমে যায়, ফলে ট্রেনের ১২০০ যাত্রীর প্রাণ রক্ষা পায়।

বনলতা এক্সপ্রেসের পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, আমি লাল পতাকা দেখে ট্রেনটি তৎক্ষণাৎ থামাই। এর ফলে যাত্রীরা রক্ষা পায়। রেললাইনের নাট-বল্টু খুলে নেয়ার কারণে লাইনটি বেঁকে যেতে পারে, তবে তদন্তে ঘটনার প্রকৃত কারণ বের হবে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, রেললাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে, তবে অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত হলে দুই লাইনে ট্রেন চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ