Views Bangladesh Logo

৫ দিন পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর রোববার (১২ জুলাই) চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।

বেলা ১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। একই সঙ্গে জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা প্রবাল এক্সপ্রেসও চট্টগ্রাম রেলস্টেশনে ফিরিয়ে আনা হয়েছে।

ট্রেন চলাচল শুরুর আগে দুপুরে নগরের ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সুবক্তগীন বলেন, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে রেললাইনে পানি উঠে যায়। সরকারের উচ্চপর্যায়ের তদারকিতে ক্ষতিগ্রস্ত অংশে পাথর ফেলে রেলপথ প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। শনিবার দিন-রাত কাজ করে রেলপথ ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এরপর ট্রেন চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ বলেন, রেললাইন এখন ট্রেন চলাচলের জন্য নিরাপদ।

মৌসুমি বায়ুর প্রভাবে গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। ফলে মঙ্গলবার দুপুরের পর থেকে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওই দিন ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সুন্নিয়া মাদ্রাসা এলাকায় আটকে পড়লে সেটিকে প্রথমে ষোলশহর এবং পরে চট্টগ্রাম রেলস্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। পরে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।

চট্টগ্রাম–কক্সবাজার রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া এবং ঢাকা থেকে দুই জোড়া ট্রেন পরিচালিত হয়। প্রতিদিন প্রায় ৮ থেকে ৯ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করেন। পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ