Views Bangladesh Logo

সারা দেশে ট্রেন চলাচল শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “আমরা রাত আড়াইটার পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পেয়েছি। এরপর প্রস্তুতি নিয়ে ট্রেন চলাচল শুরু করতে হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রথমে জয়দেবপুরগামী কমিউটার, এরপর রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। সোয়া ৭টার কিছুক্ষণ পর কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে।”

এ ছাড়াও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে গেছে।

উল্লেখ্য, পুরোনো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা পুনর্বহালের দাবিতে গত সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা। এতে সারা দেশে প্রায় ২৭ ঘণ্টা সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলের রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে কয়েক দফার বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মবিরতির ঘোষণা দেয় রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ