Views Bangladesh Logo

পশ্চিমাঞ্চলের ১০ ট্রেনের চলাচল বন্ধ থাকবে ২ দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনের আগে দেশের পশ্চিমাঞ্চলের ১০টি ট্রেনের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৬ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সরওয়ার।

এর আগে আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

পোস্টে আরও বলা হয়েছে, অনিবার্য কারণে বেনাপোল এক্সপ্রেস ও ধলারচর এক্সপ্রেস ট্রেন চলাচল ৬ ও ৭ জানুয়ারি বন্ধ থাকবে। এ ছাড়াও এই দুই দিন মহানন্দা, রকেট, পদ্মরাগ, রংপুর শাটল, ঢাকা কমিউটার, রাজশাহী কমিউটার এবং বগুড়া কমিউটার ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তাছাড়াও ৬ ও ৭ জানুয়ারি চিলমারী কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তবে পোস্টে ট্রেন চলাচল বন্ধ রাখার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

গত ২২ ডিসেম্বর থেকে রাজনৈতিক অস্থিরতা এবং হরতাল-অবরোধ কর্মসূচির কারণে এর আগে রেলে নাশকতা এড়াতে পাঁচ জোড়া ট্রেন স্থগিত করা হয়েছিল। বন্ধ করা ট্রেনগুলো ছিল-ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূঞাপুর, জামালপুর থেকে সরিষাবাড়ী, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে রহনপুরগামী লোকাল ট্রেন। এসব ট্রেন এখনো চালু হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হন। এর আগে বিদায়ী বছরের ১৯ ডিসেম্বর তেজগাঁও এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগে শিশুসহ চারজন নিহত হয়। সবমিলিয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত আটজন মারা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ