স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেন যাত্রী নিহত
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্মে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যাত্রী। নিহত ট্রেন যাত্রীর নাম গোপাল চন্দ্র পাল। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে বলে জানা গেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, বুধবার সন্ধ্যা ৭টায় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের যাত্রী ময়মনসিংহ রেল স্টেশনের প্ল্যাটফর্মে নামলে এক ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ওই সময় ছিনতাইকারী তার কাছ থেকে মোবাইল ফোনটি নিতে চাইলে, জোরাজুরির এক পর্যায়ে ট্রেনযাত্রীকে ছিনতাইকারী ছুরিকাঘাত করে।
পরে রেলওয়ে পুলিশ গোপালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক চন্দ্র পাল বলেন, ‘ছিনতাইকারীরা গোপালের মোবাইল ফোনটি নিতে পারেনি। সেটি আমাদের হেফাজতে রয়েছে। ধারণা করা হচ্ছে মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে বাধা দেয়ার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশ মর্গে রয়েছে। যাত্রী নিহতের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
এদিকে, ময়মনসিংহ রেল স্টেশন এলাকায় ইদানীং প্রায় প্রতিদিনই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে ট্রেন যাত্রীরা মোবাইল ও টাকা পয়সা খোয়াচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ না নেয়ায় এসব ঘটনা দিনদিন বাড়ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীসহ অনেকেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে