কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি এলাকায় রেল সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল শুক্রবার রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেল স্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এর ফলে কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এ বিষয়ে কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা জানান, রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে