সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিম পাশের এই স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।
রেলস্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ করেই সেটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ওই স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর থেকেই উত্তরবঙ্গের সাথে ঢাকার সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, রেলযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পশ্চিম পাড়ের সাইদাবাদ স্টেশনে আটকা পড়ে আছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) আহসানুর রহমান জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে। সেটি আসার পর লাইনটি সচল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন