রেললাইন কেটে ফেলায় লাইনচ্যুত ৭ বগি: নিহত ১
গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আসলাম মিয়া (৩৫)। এ দুর্ঘটনার ফলে বর্তমানে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, ভোররাত সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো বলেন, ইঞ্জিনসহ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এক যাত্রী নিহত হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে রেললাইন কেটে ফেলে। ফলে ট্রেনটি এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনার পর থেকে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে