কমতে শুরু করেছে যমুনা সেতু মহাসড়কের যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা–টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সৃষ্ট দীর্ঘ যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে।
মধ্যরাত থেকে মহাসড়কের সল্লা থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত ধীরগতি তৈরি হয়। পরে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে