Views Bangladesh Logo

কমানো হলো পুঁজিবাজারে লেনদেনের সময়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আধা ঘণ্টা কম সময় লেনদেন চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে, নতুন সূচিতে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন কার্যক্রম চলবে। এর মধ্যে ‘পোস্ট ক্লোজিং’ সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা ৫৬ মিনিট থেকে ২টা পর্যন্ত।

তবে দাপ্তরিক কার্যক্রম আগের মতোই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে।

স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হয়ে থাকে। নতুন সিদ্ধান্তে প্রতিদিনের লেনদেন সময় আধা ঘণ্টা কমানো হলো।

বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশেও জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এর অংশ হিসেবে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকাল ৪টা নির্ধারণ করা হয়। পাশাপাশি দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকও ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করেছে, যেখানে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চলবে।

এই ধারাবাহিকতায় এবার পুঁজিবাজারেও লেনদেনের সময় কমানো হলো, যা সামগ্রিকভাবে জ্বালানি সাশ্রয় উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ