তিন দিন বন্ধের পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে এই তিন দিন বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, তিন দিনের বিরতির পর আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করেছে এবং বাংলাদেশ থেকেও রপ্তানি পণ্যবাহী ট্রাক ওপারে যাচ্ছে। দীর্ঘ বন্ধের পর যাতে পণ্যজট সৃষ্টি না হয়, সে জন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
দ্রুততম সময়ের মধ্যে পণ্য ছাড় করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশের বৃহত্তম এই স্থলবন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে চিকিৎসা ভিসাধারী যাত্রী এবং পচনশীল পণ্য পরিবহন সীমিত আকারে চলমান ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম তিনদিন বন্ধ থাকার পর নির্ধারিত সময় শেষে আজ বৃহস্পতিবার সকাল থেকেই যথারীতি এই বন্দর দিয়ে বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ীরা পণ্য খালাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আমদানি-রপ্তানি পুনরায় চালু হওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম ফিরেছে এবং দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম আবারও সচল হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে