বাণিজ্য মেলা শুরু হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে
২০২৪ সালের প্রথম দিন থেকে বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তারিখ পেছানো হয়েছে। এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ শুরু হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ।
২০২৪ সালেও গত কয়েক বছরের মত রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ একজিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এ মেলা। এরই মধ্য মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্য মতামত দিয়েছেন। নির্বাচনের কারণে মেলা পেছানো হচ্ছে, তবে জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।
গত বছরে মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। আগামী মেলায় মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টল ভাড়া ন্যূনতম তিন লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে সাধারণ স্টলের চার লাখ টাকা ও সংরক্ষিত স্টল চার লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।
দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে