যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, চুক্তির কিছু ধারা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হতে পারে।
বুধবার (৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৮.৫ বিলিয়ন ডলার, যার মধ্যে আমদানি প্রায় ২.৭৫ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার।
মন্ত্রী বলেন, চুক্তিতে দুই পক্ষের স্বার্থ সমানভাবে প্রতিফলিত হয় না। কিছু ধারা এক পক্ষের জন্য সুবিধাজনক, অন্য কিছু অন্য পক্ষের জন্য। আলোচনার মাধ্যমে ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করাই লক্ষ্য। তিনি আরও জানান, চুক্তিকে এখনই সম্পূর্ণ ইতিবাচক বা নেতিবাচক হিসেবে দেখা যাবে না, এবং কোনো চুক্তিই চূড়ান্ত নয়—প্রয়োজনে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে পরিবর্তনের সুযোগ রয়েছে।
শুল্ক সংক্রান্ত মার্কিন আদালতের রায় সম্পর্কে তিনি বলেন, পরিস্থিতি এখনও বিকাশমান; সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে। ভিসা বন্ড সংক্রান্ত ব্যবসায়ীদের উদ্বেগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং সরকার চায় দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সহজে যাতায়াত ও বিনিয়োগ করতে পারেন।
মন্ত্রী আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। নন-ট্যারিফ বাধা দূর হলে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হলে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়নের সুযোগ আরও বাড়বে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে