বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা আখতার
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছিল।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগ আয়োজিত ‘হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে বাণিজ্যচুক্তি হয়েছিল, সেটি বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই সম্পন্ন করা হয়। এ কারণেই তারা এখন এ চুক্তির বিরুদ্ধে কিছু বলছে না। চুক্তি অনুযায়ী চাইলে এটি বাতিল বা সংশোধন করা যাবে।
তিনি আরও বলেন, চুক্তিটি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত এবং জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তার ভাষায়, ‘সবাইকে দাবি তুলতে হবে, এই চুক্তি যেন সংসদে উপস্থাপন করা হয়। সেখানে আলোচনা করে জনগণের সম্মতি নিয়েই সিদ্ধান্ত হওয়া উচিত।’
গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ নামে পারস্পরিক বাণিজ্যচুক্তি সই হয়। চুক্তিটি নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির লাভ-ক্ষতি সরকার নিজস্বভাবে পর্যালোচনা করবে।
তিনি বলেন, রাষ্ট্রের স্বার্থবিরোধী কিছু আছে কি না, তা যাচাই করা হবে। প্রয়োজনে ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিলও করা যাবে। তবে এমন সিদ্ধান্তের বিরূপ প্রভাব থাকতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে