Views Bangladesh Logo

সালাহকে নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে আনুষ্ঠানিকভাবে দলবদল আলোচনা শুরু করেছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। গতকাল মঙ্গলবার রাতে ক্লাবটি এই ঘোষণা দেয় এবং বিষয়টি ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জ ও তুরস্কের পাবলিক ডিসক্লোজার প্ল্যাটফর্মেও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

কৃষ্ণসাগর তীরের ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘ফ্রি এজেন্ট পেশাদার ফুটবলার মোহাম্মদ সালাহকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে।’ ২০২৫-২৬ মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরানোয় ৩৪ বছর বয়সী এই মিসরীয় ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ছেন।

ট্রাবজোনস্পোর আরও জানায়, আজ বুধবার সালাহ প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন, সেখান থেকে যাবেন ট্রাবজোনে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালাহ ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন, যার বার্ষিক মূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৭ মিলিয়ন ইউরো (প্রায় ১৯ দশমিক ৬ মিলিয়ন ডলার)। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছিল ট্রাবজোনস্পোর।

তবে চুক্তি এখনো পুরোপুরি চূড়ান্ত কি না, তা নিয়ে কিছুটা দ্বিমতও আছে। ক্লাবটির সভাপতি এরতুগ্রুল দোয়ান রোববার তুর্কি সংবাদমাধ্যমকে বলেন, বসম্যান নিয়মে সালাহকে দলে নেওয়ার এমন কোনো চুক্তি এখনো হয়নি। তাঁর ভাষায়, ‘এমন কোনো চুক্তি নেই। এমন কোনো পরিকল্পনাও নেই—থাকলে আমাদের পক্ষ থেকেই তা গণমাধ্যমকে জানানো হতো।’ একই সঙ্গে তিনি বলেন, সালাহর মতো একজন বিশ্বমানের খেলোয়াড়কে দলে চাইবে না—এমন ক্লাব কমই আছে।

এর আগে বেসিকতাসের সঙ্গে সালাহর মৌখিক সমঝোতা হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল, তবে ফরাসি সংবাদমাধ্যম ফুটমার্কাতোর বরাতে জানা যায়, ট্রাবজোনস্পোরের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় বেসিকতাস তাদের প্রস্তাব সাময়িকভাবে স্থগিত রেখেছে।

গত গ্রীষ্মে লিভারপুল ছাড়ার পর থেকেই ফ্রি এজেন্ট সালাহ। অ্যানফিল্ডে ৯ মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন তিনি। এই সময়ে লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

সালাহকে দলে নিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও সৌদি আরবের ক্লাবগুলোও আগ্রহ দেখিয়েছিল। চেলসি, রোমা ও ফিওরেন্তিনার সাবেক এই তারকা চলতি বছরের বিশ্বকাপে মিসরের হয়ে পাঁচ ম্যাচ খেলেন, যেখানে তাঁর নেতৃত্বে দলটি শেষ ষোলো পর্যন্ত ওঠে, পরে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয়।

লিভারপুলে সালাহর বিদায়ের ঘোষণা আসে গত মার্চে, যদিও ২০২৫ সালের এপ্রিলে তিনি ক্লাবের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেছিলেন। সেই মৌসুমেই তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুল ইংলিশ লিগে রেকর্ড ২০তম শিরোপা জেতে। তবে পরের মৌসুমে ছন্দপতনের মুখে পড়েন তিনি, একাদশের বাইরেও থাকতে হয় টানা তিন ম্যাচ। এরপর এক সাক্ষাৎকারে ক্লাবের বিরুদ্ধে তাঁকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ তোলেন সালাহ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ