Views Bangladesh Logo

ঈশ্বরদীতে বিষক্রিয়ায় বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ের বাথরুমে বিষের বোতল ভেঙে যাওয়ার ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা পাওয়ায় সবাই এখন সুস্থ আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, দুপুরে ক্লাস চলার সময় বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে যায়। সেই বিষক্রিয়ায় প্রথমে দুজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ সহপাঠীদের দেখতে গিয়ে একে একে আরও শিক্ষার্থীরাও আক্রান্ত হতে থাকে। শেষ পর্যন্ত মোট অসুস্থের সংখ্যা দাঁড়ায় অন্তত ৪০ জনে। এছাড়া আতঙ্কে সপ্তম ও অষ্টম শ্রেণির কিছু শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে।

খবর পাওয়ার পর ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত চিকিৎসা পাওয়ায় সব শিক্ষার্থী এখন ভালো আছে। তবে বিদ্যালয়ের বাথরুমে বিষের বোতল কীভাবে এলো, তা তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি। এর পেছনে যে বা যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ইউএনও। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসনা রানী জানান, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয় এবং দ্রুত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠলেও বিদ্যালয়ের বাথরুমে বিষের বোতল কে রেখেছিল এবং কী উদ্দেশ্যে— এই প্রশ্ন এখন সবার মুখে। ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। অভিভাবকরা বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদনেই স্পষ্ট হবে এই রহস্যজনক ঘটনার পেছনের সত্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ