দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তাওহীদ হৃদয়। বুধবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইতিহাস গড়েন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার।
তাওহীদের ৩০০ রানের ইনিংসটি শুধু বিদেশের মাটিতে বাংলাদেশের নতুন রেকর্ডই নয়, বাংলাদেশ ‘এ’ দলের হয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন নজির। এর আগে ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। ২৩ বছর ধরে সেটিই ছিল বাংলাদেশ ‘এ’ দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস।
আগের দিন ডাবল সেঞ্চুরি পূর্ণ করা তাওহীদ বুধবার দিনের প্রথম সেশনেই ছাড়িয়ে যান শাহরিয়ারকে। এরপর থামেননি। দ্বিতীয় সেশনে পৌঁছে যান তিনশ রানের মাইলফলকে। ৪৫০ বলে ২৫টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
২৯৮ রানে থাকা তাওহীদ পেসার বুস্টের বলে অনসাইডে শট খেলে দুই রান নিয়ে ৩০০ পূর্ণ করেন। ঐতিহাসিক মুহূর্তে ব্যাট উঁচিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এরপর সিজদায় নেমে আসেন। সতীর্থরা ছুটে এসে তাকে অভিনন্দন জানালে হাসিমুখে সেই শুভেচ্ছা গ্রহণ করেন তাওহীদ।
এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকাতেও যুক্ত হলো তাওহীদের নাম। এর আগে তামিম ইকবাল ও রাকিবুল হাসান ঘরোয়া ক্রিকেটে ৩০০ পেরিয়েছিলেন। ২০১৯-২০ মৌসুমে বিসিএলে ইস্ট জোনের হয়ে তামিম করেছিলেন ৩৩৪ রান। তার আগে ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে রাকিবুলের ব্যাট থেকে এসেছিল ৩১৩ রান।
তবে তাওহীদের কীর্তির সবচেয়ে বড় দিক, দেশের বাইরে কোনো বাংলাদেশি ব্যাটারের এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি। এর আগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র একজন এই কীর্তি গড়তে পেরেছিলেন। দীর্ঘ সময় উইকেটে থেকে প্রতিপক্ষের বোলারদের সামলে তাওহীদ যে দৃঢ়তা ও মনোযোগ দেখিয়েছেন, এই ইনিংস তার সামর্থ্যের বড় প্রমাণ হয়ে থাকল।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় এখন তাওহীদ সবার ওপরে; তাওহীদ হৃদয় ৩০০, শাহরিয়ার হোসেন ২১৮, জাভেদ ওমর ১৭৩, জাকির হাসান ১৭৩ এবং জাকের আলী ১৭২ রান।
মতামত দিন