Views Bangladesh Logo

৭৭ বছরের রেকর্ড ভাঙলেন তাওহিদ হৃদয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে সফরকারী দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ৭৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে অপরাজিত ৩৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

১৯৪৮-৪৯ মৌসুমে মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের হয়ে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে নর্থ-ইস্টার্ন দলের বিপক্ষে ৩০০ রান করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার ডেনিস কম্পটন। মাত্র ১৮১ মিনিটে খেলা সেই ইনিংস ৭৭ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সফরকারী দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে টিকে ছিল। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন হৃদয়।

শুধু কম্পটনের রেকর্ডই নয়, ৩৫০ রানের ইনিংস দিয়ে আরও কয়েকটি মাইলফলক গড়েছেন এই বাংলাদেশি ব্যাটার। দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটার এখন হৃদয়।

এর আগে ২০০৩ সালে পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। এত দিন সেটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন হৃদয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন হৃদয়। এর আগে এই কীর্তি গড়েছিলেন রাকিবুল হাসান ও তামিম ইকবাল। ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রান করেছিলেন রাকিবুল। আর ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম।

তামিমের ৩৩৪ রানই এত দিন প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। পচেফস্ট্রুমে ম্যাচের চতুর্থ দিন চা-বিরতির পর সেই রেকর্ডও ভেঙে দেন হৃদয়। ৩৫০ রানে পৌঁছানোর পর দলের ইনিংস ঘোষণা করেন তিনি। ৪৮১ বলের ইনিংসে হৃদয় মেরেছেন ২৭টি চার ও ১০টি ছক্কা।

ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন হৃদয়ের দখলে।

হৃদয়ের রেকর্ড গড়া ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ‘এ’ দলও গড়েছে নতুন রেকর্ড। ৮ উইকেটে ৬৭৬ রান তুলে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড করেছে তারা। এর আগে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের করা ৬৩৮ রান ছিল সর্বোচ্চ।

এক ইনিংসেই একাধিক রেকর্ড গড়ে তাওহিদ হৃদয় নিজের ক্যারিয়ারের পাশাপাশি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড বইয়েও নতুন অধ্যায় যোগ করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ