তিন পার্বত্য জেলায় ভ্রমণে ২৪ দিনের নিষেধাজ্ঞা
নিরাপত্তাজনিত কারণে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ভ্রমণে ২৪ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। রবিবার (৬ অক্টোবর) বিকালে এ নির্দেশনা জারি করে জেলা প্রশাসক।
এ কারণে আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান ভ্রমণ প্রত্যাশী সকল পর্যটকদের বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এই সিদ্ধান্ত তিন পার্বত্য জেলায় একসঙ্গে দেয়া হয়েছে।
নিরাপত্তাজনিত কারণেই সরকারের এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি।
এদিকে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গাৎসবকে ঘিরে বান্দরবান জেলার আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে ১০-১৩ তারিখ পর্যন্ত কয়েক দিনের টানা বুকিং ছিল পর্যটকদের। ভ্রমণের জন্য ট্যুরিস্ট গাড়ি ও আগাম বুকিং করেছিল পর্যটকরা। হঠাৎ এমন সিদ্ধান্তে বুকিং বাতিল হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জেলা আবাসিক হোটেল ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, শারদীয় উৎসবকে ঘিরে বহুদিন পর বান্দরবান জেলায় পর্যটকদের ঢল নামার মতো বুকিং হয়েছিল। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল মন্দা কাটবে পর্যটন শিল্পে। কিন্তু হঠাৎ করে নিষেধাজ্ঞায় আশার আলোয় মেঘের ঘনঘটা নেমে এলো আবারও। সরকারের সিদ্ধান্তকে আমরা সাদুবাদ জানাই। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা হচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি।
পর্যটন শিল্প রক্ষায় সরকারকে জরুরি প্রদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে